শুটিংস্পট
টুকু এবং
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৪
টুকু শিক্ষিত, মেধাবী এবং ভদ্র। দার্শনিকতায় বিশ্বাস করে না। তবু দার্শনিক চিন্তা-ভাবনায় চলতে হয় তাকে। আগ্রহ ও ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টুকু অনুভব করতে পারে মানুষের মনের অব্যক্ত ভাষাগুলো। আর এই উদ্ভট চিন্তাধারার কারণে বাড়ি থেকে তাকে বের করে দেয় বাবা। আশ্রয় হয় জাপান প্রবাসী বন্ধু শফিকের বাসায়। চারদিক ধনী আর আভিজাত্যর ছোঁয়া থাকলেও নিতান্ত গরিবী অবস্থায় চলাফেরা করতে টুকুর ভালো লাগে। পাতার বাঁশি শুনে তাই টোকাই বংশী বাদককে ২ হাজার টাকা বকশিস দিয়ে তার আনন্দ হয়। ভবঘুরে আর বেকার জীবন টুকুকে দূরে সরিয়ে নেয় তার প্রেমিকা নিদির থেকে। সুন্দরী নিদি টুকু আর তার পাগলামিকে ভালোবাসে সমানে সমান। শুধু চায় টুকুর জীবনে নিদির জন্য স্থির হোক কিছুটা সময়। নিদি তার ভীষণ বিপদে খুঁজে ফেরে টুকুকে। কিন্তু টুকু তার দারিদ্রের সাথে নিদিকে মানিয়ে নিতে না পেরে পালিয়ে বেড়ায় এদিক সেদিক। অন্যদিকে বন্ধু শফিকের জাপানে পাতানো ভাবি নিশাত খুঁজে বের করে টুকুকে। সে বাংলাদেশে এসেছে অসহায় নারীদের সহযোগিতার জন্য। নিশাতের এই কাজকে এগিয়ে নিতে পরামর্শ দাতা হিসেবে শফিক নির্বাচিত করে দেয় টুকুকে। পরামর্শক ও পরিকল্পক হিসেবে টুকু একটি কাজ পায়। টুকুর আর্থিক চিন্তা কিছুটা দূর হতে থাকে। কিন্তু পাগলাটে, ভবঘুরে, ছন্নছাড়া জীবন কাটাতেই টুকুর তা ভালো লাগে। অন্যদিকে ভাবী নিশাতের সেক্রেটারি শিপ্রা হয়ে দাঁড়ায় টুকুর প্রতিদ্বন্দ্বী। টুকুর সকল কাজে বিরোধিতা করে। এবং হিতে বিপরীত বলে বোঝাতে চায় ভাবি নিশাতকে। একটা সময় শিপ্রা বুঝতে পারে টুকু তার চেয়ে অনেক মেধাবী। আস্তে আস্তে শিপ্রা দুর্বল হতে থাকে টুকুর মানসিকতায়। তা বুঝতে পেরে টুকু সবার থেকে নিজেকে আড়াল করে। সবার দুর্বলতা আর ভালোলাগা উপেক্ষা করে টোকাই বংশীবাদককে নিয়ে জোত্সা স্নানে চলে যায়। আর তাদের সঙ্গী হয় হোটেল ব্যবসায়ী আসলাম। যার দোকানের একজন নিয়মিত বাকি কাস্টমার টুকু। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে এক খণ্ডের নাটক ‘টুকু এবং’। ফেরাবী ফরহাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাহিদ জামান। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, এ্যানি, দিপান্বিতা, ডা. এজাজ, দিপা খন্দকার, মৌরি সেলিম, প্রমী, শরিফুল প্রমুখ। নাটকের পরিচালক নাহিদ জামান বলেন, ‘এর গল্পের পটভূমি সব কিছুই করা হয়েছে জীবনঘনিষ্ট করে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনূভুতির জন্ম দেবে দর্শকদের মাঝে।’ আগামী ঈদুল আজহায় ‘টুকু এবং’ নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।