খোঁজখবর

আপন ট্র্যাকে ফেরা দীর্ঘ ছয় মাস অবসরে থাকার পর আবার কাজে ফিরেছেন অপু বিশ্বাস। বর্তমানে তিনি তিনটি ছবির শুটিং করছেন। এ ছবিগুলোর মধ্যে রয়েছে, এফ আই মানিকের ‘দুই পৃথিবী’, রকিবুল আলম রকিবের ‘প্রেমিক নাম্বার ওয়ান’ এবং নজরুল ইসলাম খানের ‘মনের ঠিকানা’। সিডিউল অনুসারে এ তিনটি ছবিরই শুটিং করছেন তিনি। সম্প্রতি অপু আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবির শিরোনাম ‘মনের মতো মন পাইলাম না’। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। খুব শিগগিরই তিনি এ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। উপরের চার ছবিতেই অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এদিকে এবারে ঈদে অপুর একটি ছবি মুক্তি পেয়েছে। ‘মাই নেইম ইজ খান’ শিরোনামের এ ছবিটিও বেশ দর্শক প্রশংসা কুড়িয়েছে। ০০০ চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ন্যান্সি কিছুদিন গান থেকে দূরে ছিলেন। তবে সম্প্রতি তিনি আবার গানে ফিরেছেন। আর গানে ফিরেই এক দিনে দুটি ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ছবি দুটি হলো শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ এবং মনতাজুর রহমান আকবরের ‘ডার্লিং’। কাকরাইলের একটি স্টুডিওতে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির গানে কণ্ঠ দেন ন্যান্সি। মুন্সি ওয়াদুদের লেখা গানটির সুর করেছেন আলী আকরাম শুভ। এ গানে ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মনির খান। অন্যদিকে মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ‘ডার্লিং’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। দ্বৈতকণ্ঠের এ গানটির সুর করেছেন অমিত। এদিকে প্রথমবার ন্যান্সি আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামে গান করবেন বলে জানিয়েছেন। খুব শিগগিরই অ্যালবামটির কাজ শুরু হবে। ০০ একজন ভাষাপ্রেমী শৈশব থেকেই আঞ্চলিক ভাষাপ্রীতি রয়েছে লাক্সতারকা অর্ষার। বর্তমানে অর্ষা বেশকিছু ধারাবাহিকে চরিত্রের প্রয়োজনে কখনও ঢাকাইয়া কিংবা বরিশালের ভাষা কখনোবা নোয়াখালীর ভাষায় সংলাপ বলছেন। সেই স্রোতধারায় তাকে মাহফুজ আহমেদের ‘মাগো তোমার জন্য’ ধারাবাহিকে নোয়াখালী ভাষায় কথা বলতে দেখা যাবে। এদিকে, শামীম জামানের ‘তিন তালা তিন চাবি’ ধারাবাহিকে তিনি ঢাকাইয়া তরুণীর ভূমিকায় অভিনয় করছেন। এ ছাড়াও আফজাল আহমেদের ‘ছোট কাকু’ শিরোনামের ধারাবাহিকে তাকে প্রমিত বাংলা ভাষায় কথা বলতে দেখা গেছে। এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার দারুণ ভালো লাগে। তাই আঞ্চলিক ভাষার স্ক্রিপ্ট পেলে আমার কাছে মনে হয় নতুন একটি ভাষা শেখার সুযোগ পেলাম। আমার গ্রামের বাড়ি বরিশাল। তাই পরিবারের সবাই একসঙ্গে হলেই এ ভাষায় কথা বলি।’ অর্ষা ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে অভিনয় করছেন। ০০০ প্রেমে পড়লেন প্রেমে পড়েছেন লাক্সতারকা উর্মিলা। তাও আবার অভিনেতা নিশোর প্রেমে। একথা আবার পুরো ক্যাম্পাসে জানাজানি হয়ে গেছে। কারণ, তারা দু’জনই দু’জনকে খুব ভালোবাসে। তাদের ভালোবাসাবাসি দেখে ক্যাম্পাসের অনেকে হিংসাও করে। তবে এ ঘটনা বাস্তব জীবনের ক্যাম্পাসে কিংবা ক্লাসরুমে নয়। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত একটি নাটকে প্রথমবার জুটি হিসেবে একটি খণ্ডনাটকে অভিনয় করতে দেখা যাবে ঊর্মিলা ও নিশোকে। নাটকের নাম ‘চিরকুট’। এটি রচনা ও পরিচালনা করেছেন তানিম পারভেজ। নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘এই নাটকে আমি নিশো ভাইয়ার প্রেমে একেবারে হাবুডুবু খেয়েছি। নিশো ভাইয়ার অবস্থাও তাই। আমরা দু’জনে এর আগে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। নাটক হিসেবে এটাই দু’জনার প্রথম কাজ। তাও আবার পূর্ণাঙ্গ প্রেমের।’ ০০০ কেউ কথা রাখেনি ‘কেউ কথা রাখেনি’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা আঁচল। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা ইমন। সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে ছবিটির কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ছবিটি পরিচালনা করবেন শাহীন-সুমন। আঁচল ছবির শুটিং করতে চলতি মাসে মালয়েশিয়ায় যাবেন। এ ছবি প্রসঙ্গে আঁচল বলেন, ‘এবারই প্রথম আমি ইমন ভাইয়ের সঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছি। ছবির চিত্রনাট্য বেশ মানসম্মত। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে।’ ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব নিয়ে ‘কেউ কথা রাখেনি’ ছবির পটভূমি গড়ে উঠেছে। এ ছবিতে ইমন ও আঁচল ছাড়াও আরও অভিনয় করেছেন নবাগত জাহিদ খান।