ভারতে প্রতি ঘণ্টায় একজন নারী যৌতুকের শিকার

যৌতুক নিয়ে ঝগড়া-বিবাদের জের ধরে বলি হতে হয়েছে কয়েক হাজার ভারতীয় নারীকে। গত বছর ভারত জুড়ে মোট ৮ হাজার ২৩৩ জন নারীকে যৌতুক না দিতে পারায় মৃত্যুবরণ করতে হয়। ভারতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেয়া পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। নারী অধিকার কর্মীরা জানিয়েছেন, যৌতুক অপরাধের শিকার হয়ে ভারতে প্রতি ঘন্টায় একজন করে নারী মারা যায়। দি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানায়, বিয়ের সময় কন্যাপক্ষ বর বা তার পরিবারকে পণ দেয়া ও নেয়া নিয়ে যে বিরোধ তৈরি হয়, তাতে গত বছর পুরো ভারতে আট হাজারেরও বেশি বধূর মৃত্যু ঘটে। যৌতুকের অপরাধে খুব কম ব্যক্তিরই বিচার হয়। এ ঘটনায় দোষীসাব্যস্ত হওয়ার সংখ্যা এখনও অনেক নিম্ন যার শতকরা হার ৩২ শতাংশ। এদিকে যৌতুক প্রতিরোধক আইনের দুর্বলতা, মামলার দীর্ঘসূত্রিতা এবং কম দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এ ধরনের অপরাধকে আরো বাড়িয়ে তুলছে বলে জানিয়েছে পুলিশ, নারী অধিকার কর্মীরা। ভারতীয় আইনে পণ দেয়া ও নেয়া উভয়ই অপরাধ বলে গণ্য হলেও দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সুমান নাওলা বলেন, পণ প্রথা এখন সমাজের সকল স্তরে ব্যাপক আকারে চর্চিত হচ্ছে। এমনকি উচ্চশিক্ষিত মানুষও যৌতুককে ‘না’ বলেন না।