বাগদাদ জুড়ে সহিংসতায় নিহত অর্ধশতাধিক
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
ইরাকের রাজধানী বাগদাদ জুড়ে ধারাবাহিক গাড়ি বোমা হামলা ও গুলিতে প্রায় ৭০ জন নিহত হয়েছে। প্রধানত শিয়া আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে মঙ্গলবার হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। কারা এসব হামলা চালিয়েছে তা তাত্ক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে হামলাগুলো পরস্পর সম্পর্কিত বলে ধারণা করছে পুলিশ। আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থি সুন্নি জঙ্গিরা এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বাগদাদের আলাদা আলাদা সাতটি এলাকায় বিস্ফোরণগুলো ঘটানো হয়। এতে অন্তত ৭০ জন নিহত ও বহু মানুষ আহত হয়। মঙ্গলবার সবচেয়ে মারাত্মক বোমা হামলাটি হয়েছে উত্তর বাগদাদের তালবিয়া আবাসিক এলাকায়। এখানে একটি ব্যস্ত সড়কে একটি গাড়িবোমা বিস্ফোরণেই নয়জন নিহত হয়। তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাগদাদের উত্তর প্রান্তের হুসাইনিয়া এলাকায়। এখানে পর পর দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রাণ হারায় দশজন। বাগদাদের কেন্দ্রীয় এলাকা কারাদায় একটি আইসক্রিমের দোকানের সামনে বিস্ফোরণে ছয়জন নিহত হন। পশ্চিমাংশের সুন্নি অধ্যুষিত সাদিয়া এলাকায় একটি থানার সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে আরো ছয়জন নিহত হন। এছাড়া, সদর সিটি, শুরতা, জাফারানিয়া ও আবু দাশিরেও গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণে আরো অন্তত ১৯ জন নিহত হয়।
এদিকে, মঙ্গলবার সকালে সরকার সমর্থিত বেসামরিক বাহিনীর সুন্নি সদস্যের বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ওই সদস্য ও তার তিন সন্তানসহ স্ত্রীকে হত্যা করে। ডোরা এলাকায় বন্দুকধারীদের গুলিতে আরো দু’জন নিহত হয়। এছাড়া, বাগদাদের বিভিন্ন জায়গায় থেকে পিছমোড়া করে হাতকড়া লাগানো ও চোখ বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ চার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গৃহযুদ্ধকবলিত প্রতিবেশী দেশ সিরিয়ায় শিয়া সুন্নি বিরোধ ইরাকেও গভীর সামপ্রদায়িক বিভাজন তৈরি করেছে। এতে শিয়া, সুন্নি ও কুর্দি প্রতিনিধিদের নিয়ে গঠিত জোট সরকারেও অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে।