ক্লিভল্যান্ডের সেই ধর্ষক ও অপহরণকারী ক্যাস্ট্রো আত্মহত্যা করেছে

যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ক্লিভল্যান্ড শহরের চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এরিয়েল ক্যাস্ট্রো আত্মহত্যা করেছে। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার রাতে ওহিওর ওরিয়েন্ট কারাগারের কক্ষে বন্দি ‘ঘৃণ্য অপরাধী’ ক্যাস্ট্রো গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তিন মার্কিন নারীকে অপহরণ এবং তাদের দীর্ঘ এক দশক ধরে আটকে রাখার ঘটনায় ৫৩ বছরের ক্যাস্ট্রোকে চলতি বছরের মে মাসে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ওই নারীদের শিকল দিয়ে বেঁধে রাখা এবং তাদের ওপর ধর্ষণসহ যৌন নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছিল। এসব অপরাধে গত পহেলা আগস্ট তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত।