মার্কিন ড্রোন হামলা রুখতে মিসাইল বানাচ্ছে আল-কায়েদা

পাকিস্তানভিত্তিক আল-কায়েদার প্রকৌশলীরা মার্কিন ড্রোন হামলা ঠেকাতে কাঁধ থেকে ছোঁড়া যায় এমন মিসাইল তৈরি করছে। লেজার সতর্কীকরণ ব্যবস্থা ছাড়াও আরো কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে তারা। পাকিস্তানের ভেতরে এখনও আল-কায়েদার নেতৃত্ব রয়েছে এবং তারা ড্রোন হামলা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গুরুত্বপূর্ণ নথি থেকে সমপ্রতি ওয়াশিংটন পোস্ট আমেরিকা ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। -খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়, কিভাবে ড্রোনের নিয়ন্ত্রণ নেয়া যায় কিংবা গুলি করে ফেলে দেয়া যায় আল-কায়েদা হয়তো তা বের করে ফেলেছে- এই বিষয়টি ব্যাপক চিন্তিত করে তুলেছে মার্কিন সামরিক কর্মকর্তাদের। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আরো উদ্বিগ্ন এই কারণে যে, তাদের ড্রোন বিষয়ক প্রচারণা দেশে ও দেশের বাইরে তীব্র সমালোচনার মধ্যে পড়েছে।