ঝিনাইদহে ব্রিজ ভেঙ্গে পড়ার আশংকা

ঝিনাইদহ-হাটফাজিলপুর সড়কের গোবিন্দপুরে একটি ব্রিজের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর উপর দিয়ে ২০ টন মাল বোঝাই ট্রাক চলছে। জিকে প্রকল্প বাস্তবায়নকালে ১৯৬৫ সালের দিকে বড় ড্রেনেজ খালের উপর ব্রিজটি তৈরি করে পানি উন্নযন বোর্ড। তখন শৈলকুপা থেকে হাটফাজিলপুর পর্যন্ত অংশ ছিল কাঁচা। গরু ও মহিষের গাড়ি চলাচল করত। ব্রিজের ভার বহন ক্ষমতা ছিল ৫ টন। এরপর রাস্তাটি পাকা করা হয়। শুরু হয় বাস-ট্রাকসহ ভারি যানবাহন চলাচল। ভারি ট্রাকের চাপে মাঝে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। গার্ডারে ফাটল ধরেছে। তবুও ঝুঁকি নিয়ে এ ব্রিজের উপর দিয়ে বাস-ট্রাক চলছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় রকমের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। রাস্তার মালিক এলজিইডি। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি বিষয়টি এলজিইডিকে জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।