কুমিল্লার কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত্ নেই
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুতের সংযোগ দেয়া হয়নি। পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে আবেদন করা হলেও এসব ক্লিনিকে বিদ্যুতের আলো আজো পৌঁছেনি। এতে চিকিত্সা সেবায় বিঘ্ন সৃষ্টিসহ প্রচণ্ড গরমে রোগীরাও অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও নানামুখি সমস্যা নিয়ে এসব ক্লিনিকে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করা হয়। এসব ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু উপজেলার মকিমপুর, বেড়াখলা, উত্তর সিদলাই, খলিফাপাড়া, নাগাইশ, মহালক্ষ্মীপাড়া, নাইঘর ও রামনগরসহ ২০টি ক্লিনিকে এ পর্যন্ত বিদ্যুতের সংযোগ দেয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এম.এ জাহের জানান, বিষয়টি নজরে আসার পর তিনি গত ৭ এপ্রিল পল্লী বিদ্যুতের ব্রাহ্মণপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ডিজিএম) একটি পত্র দিয়েছেন, কিন্তু এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। পল্লী বিদ্যুতের ব্রাহ্মণপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবুল কালাম আজাদ জানান, বিদ্যুত্ উপকেন্দে ওভার লোডিংয়ের ফলে সংযোগ প্রদানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।