মিলানের সিদ্ধান্তের প্রশংসায় ইন্টার প্রেসিডেন্ট
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
কাকাকে পুনরায় দলে ভেড়ানোর ব্যাপারে এসি মিলানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিলানের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সভাপতি মাসিমো মোরাত্তি। গোল ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে মোরাত্তি বলেন, ‘কোন খেলোয়াড়কে দলে ভেড়ানোর ব্যাপারে ক্লাবের সিদ্ধান্তই চূড়ান্ত। কাকা (আগের মত মূল্যবান কিনা) সেই বিতর্কে আমি যাব না। এটা আমাদের প্রথাবিরোধী। তবে আমি শুধু বলতে পারি কাকাকে পুনরায় দলে ফিরিয়ে আনতে মিলান যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সত্যিই দারুণ।’ ব্রাজিলের উদীয়মান এক ফুটবলার থেকে এ এসি মিলানেই কাকার বিশ্বফুটবলের মহাতারকা হয়ে ওঠা। ফর্মের চূড়ায় থাকা অবস্থায়ই ২০০৯ এ তিনি যোগ দেন রিয়ালে। তবে এরপর হঠাত্ করেই যেন নিজের ছায়ায় পরিণত হন তিনি। নিজের মৃতপ্রায় ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে বড় ধরনের বেতন কর্তনের ঝুঁকি সত্ত্বেও শেষ পর্যন্ত তাই নিজের ‘ঘরেই’ ফিরলেন তিনি। কাকার এ প্রত্যাবর্তনে লাভটা যে ইতালিয়ান ফুটবলেরই হবে দুদিন আগেই সেটা বলেছিলেন মিলান সহ-সভাপতি। আর মোরাত্তির ভাবনাও তেমনই, ‘(যে দলেরই হোক) সে যে আবার ইতালিয়ান ফুটবলে ফিরছে আমি তাতেই খুশি।’