তিন মিনিটের বদলে চার মিনিট ৪৮ সেকেন্ড
স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যখন ১-০ গোলে এগিয়ে তখন ম্যাচের ৯০ মিনিট শেষ। চতুর্থ সহকারী রেফারি জর্ডানের আদম মোহম্মাদ তুমাহ মাখাদমেহ বোর্ড তুলে দেখালেন অতিরিক্ত তিন মিনিট খেলা হবে। কিন্তু সেই তিন মিনিটেও খেলা শেষ হলো না। খেলা চলতে থাকল। দেখে মনে হলো ভারত যতক্ষণ গোল করতে না পারবে ততক্ষণ খেলা চলবে! যেন রেফারি অপেক্ষায় ছিলেন কখন একটা সুযোগ আসবে। এবং শেষ পর্যন্ত কোনো ঘটনা ছাড়াই সে সুযোগ তৈরি করে দিলেন শ্রীলংকান রেফারি।
গোল করে সমতা আনল ভারত। এরপরই খেলা শেষ হয়ে গেল। তাহলে কি তিন মিনিটই খেলা হয়েছে নাকি বেশি ? গতকাল সকাল বেলা বাংলাদেশের কোচ ক্রুইফ বললেন তিন মিনিটের বেশি খেলা হয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচটা শেষ করে রাতে ইউটিউবে খেলা দেখেছেন ক্রুইফ। তাতে পরিষ্কার হয়েছে রেফারি তিন মিনিট খেলাননি। ইউটিউবে খেলা দেখে বুঝা গেছে তিন মিনিটের পরিবর্তে চার মিনিট ৪৮ সেকেন্ড খেলা হয়েছে। আর গোলটা হয়েছে চার মিনিট আট সেকেন্ডে।