সুন্দরবনে ছয় মণ ইলিশসহ দুই জেলে অপহূত

সুন্দরবনের খালে এক ইলিশ ব্যবসায়ীর ট্রলারে স্থাপিত ভাসমান ডিপো থেকে ছয় মণ ইলিশসহ দুই কর্মচারীকে অপহরণ করেছে বনদস্যুরা। সোমবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প এলাকার ইন্দুরকানি খালের মুখে এ ঘটনা ঘটে। ঐ ভাসমান ডিপো মালিক, মংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের আব্দুল মালেক জানান, পূর্ব সুন্দরবন সংলগ্ন উপকূলে তার দশটি ছোট ট্রলার গত পনের দিন ধরে ইলিশ মাছ ধরছে। এ সব ট্রলারে শিকার হওয়া ইলিশ মাছ বরফ দিয়ে রাখার জন্য ইন্দুরকানি খালে একটি ট্রলারকে তিনি ডিপো হিসেবে ব্যবহার করেন। সোমবার রাতে ১০/১২ জনের একদল সশস্ত্র দস্যু সেখানে হামলা চালায়। হামলাকারীরা ট্রলারে থাকা কর্মচারীদের মারধর করে সোমবার জমা হওয়া ছয় মণ ইলিশ মাছসহ মুস্তাফিজ (২৫) ও এবায়েত হোসেন (৪০) নামে দুই কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায়। তবে তারা তাত্ক্ষণিকভাবে কোন মুক্তিপণের টাকা দাবি করেনি। মুস্তাফিজের বাড়ি মংলার জয়মনি গ্রামে এবং এবায়েতের বাড়ি রামপাল উপজেলার পেড়িখালী এলাকায়। তবে এ ধরনের কোন ঘটনার কথা জানেন না বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।