হজ্বযাত্রীদের পদভারে মুখরিত আশকোনা ক্যাম্প

হজ্ব যাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর উত্তরার আশকোনা হজ্ব ক্যাম্প। গতকাল বুধবার সকাল ৯টায় ক্যাম্প খুলে দেয়ার পর প্রথম দিন ৪৫০ জন হজ্ব যাত্রী ক্যাম্পে রিপোর্ট করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সৌদি এয়ারলাইন্সের প্রতিদিন তিনটি করে হজ্ব ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ্ব ক্যাম্প উদ্বোধন করবেন। গতকাল হজ্ব ক্যাম্পে একেবারে ভিন্ন দৃশ্য দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে হজ্ব যাত্রীরা আসতে শুরু করেছেন। জীবনে কেউ কাউকে দেখেনি এবং কথাও হয়নি। ক্যাম্পে প্রবেশ করার পর মুছে গেছে কে কোন জেলা থেকে এসেছেন। একজনের সাথে অপরজনের আলাপচারিতায় মনে হয়েছে তারা যেন পরস্পরের দীর্ঘদিনের পরিচিত। সবার গন্তব্য ও লক্ষ্য এক। আর তা হচ্ছে পবিত্র হজ্বব্রত পালন। হজ্ব যাত্রীরা পরস্পরের সাথে কুশল বিনিময় করে পরিচিত হচ্ছেন। মোবাইল ফোন নম্বর পরস্পরকে দিয়ে যে কোন প্রয়োজনে সহায়তার কথা বলছেন। আসন্ন হজ্ব সবাইকে এক জায়গায় জড়ো করে দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হজ্ব অফিসের পরিচালক বজলুল হক বিশ্বাস গতকাল ইত্তেফাককে বলেন, হজ্ব যাত্রীদের যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সে জন্য সারারাত ক্যাম্প খোলা থাকবে। তিনি আরও জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৬৭৯ জন হজ্ব যাত্রী সৌদি আরবে যাচ্ছেন। আগামী শনিবার উদ্বোধনীসহ প্রথম দু’টি ফ্লাইট সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ১৬০ জন হজ্ব যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আর বেসরকারি পর্যায়ের ৩৭৫ জন হজ্ব যাত্রী নিয়ে একই দিন তৃতীয় ফ্লাইট সন্ধ্যা পৌনে সাতটায় ছেড়ে যাবে। তিনি আরও জানান, প্রতিদিন বিমান ও সৌদি এয়ারলাইন্স তিনটি করে হজ্ব ফ্লাইট পরিচালনা করবে। তবে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কারণে ৪৫ জন হজ্ব যাত্রী একটি শর্ট প্যাকেজে অক্টোবরের প্রথম সপ্তাহে সৌদি আরবে যাবেন। হজ্ব অফিস সূত্র জানায়, বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ্ব করতে যাবেন তাদের প্রথম দলটি আগামীকাল থেকে ক্যাম্পে রিপোর্ট করা শুরু করবে বলে কথা রয়েছে। এদিকে গতকাল থেকেই ক্যাম্পের ডরমেটরিতে স্থাপন করা বড় পর্দায় সিডির মাধ্যমে সৌদি আরবের আইন, হজ্বব্রত পালনের প্রতিটি পর্ব হজ্ব যাত্রীদের দেখানো শুরু হয়েছে। হজ্ব ক্যাম্পে ব্যাংকের বুথ কাজ শুরু করেছে। এছাড়া অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম গতকাল সকাল থেকেই কাজ করছে।