রাজনৈতিক সংলাপের সম্ভাবনা শেষ হয়ে যায়নি :মজীনা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশে এখনো রাজনৈতিক দলের সংলাপের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অতীতের মত এখনো সব দলের সংলাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা রাখে মার্কিন সরকার। তবে সংলাপ আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এদেশের রাজনৈতিক দলগুলোকেই সৃষ্টি করতে হবে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজীনা।
এ সময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কুমুদিনীতে একটি কনটেইনার পোর্ট হলে এ এলাকার দৃৃশ্যপট বদলে যাবে। সমৃদ্ধ হবে এ জনপদ। পোর্ট হলে সড়কপথে চাপ কমবে। নদী বন্দর নারায়ণগঞ্জের রয়েছে উজ্জ্বল ভবিষ্যত্।
ড্যান মজীনা বলেন, নারায়ণগঞ্জের কুমুদিনীর পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি হচ্ছে, এটা একটি ভালো দিক। এ প্রতিষ্ঠানের কুটির শিল্প ও হস্তশিল্প রপ্তানির কারণে দেশের সুনাম বাড়ছে।
তিনি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার পর শীতলক্ষ্যা নদীও ঘুরে দেখেন। তখন তার সঙ্গে ছিলেন আমেরিকান এম্বেসীর কর্মকর্তা মিস উইলসন, এডাম নরেকিন, মোবাশ্বের শাহিদ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সাহা, তার মা শ্রমতি সাহা, মহাব্যবস্থাপক রিয়াজুল কবির, উপ মহাব্যবস্থাপক সামির সাহা, কর্মকর্তা আনোয়ার, হুমা রায়, ব্যারিস্টার রেহান, ফারুক প্রমুখ।