প্রধানমন্ত্রীর দেয়া দ্বিতল বাস দুটি এখন রাবি কর্তৃপক্ষের বোঝা!
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া বিআরটিসি’র সেই পুরাতন দ্বিতল বাস দু’টি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাস দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিছুদিন চলাচল করলেও যান্ত্রিক ত্রুটি এবং চালকদের অদক্ষতার কারণে প্রায় ১ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে অকেজো হয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যে বাসের বিভিন্ন যন্ত্রাংশে মরিচাও ধরেছে। রাবি প্রশাসনের পক্ষ থেকে বাস দু’টি পরিবর্তনের জন্যে বিআরটিসিকে অনুরোধ করলেও তারা কোনো আগ্রহ দেখাচ্ছে না বলে জানা গেছে।
জানা যায়, ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহী সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে দু’টি নতুন বাস দেয়ার ঘোষণা দেন। এই ঘোষণার প্রায় ২ মাস পর সাময়িক ব্যবহারের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দু’টি পুরাতন দ্বিতল বাস হস্তান্তর করেন।
সূত্র জানায়, পুরাতন বাস দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে কিছুদিনের মধ্যেই পরিবর্তন করে দেয়ার আশ্বাস দিয়ে বিআরটিসি কর্তৃপক্ষ ক্যাম্পাস ত্যাগ করেন। কিন্তু গত একবছরেও তা কার্যকর করেনি।
রাবির পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক সাইদুজ্জামান বলেন, জোড়াতালি দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর চলছে। উপাচার্যের মাধ্যমে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগ করলেও তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নতুন বাস হস্তান্তরের বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না।