অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান শুরু
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতারে গতকাল বুধবার থেকে দেশ ব্যাপী পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ মর্মে গত মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা অভিযানের কথা স্বীকার করে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের পদচারণা শুরু হয়েছে। এনিয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রণায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ঐ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক পুলিশ গতকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের আগেই সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। রাজধানীতে প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যার ঘটনাও গেছে বেড়ে। র্যাব ও পুলিশের প্রতিদিনের অভিযানে তেমন কোন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে না। এ কারণে বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্ত মঙ্গলবার রাতেই দেশের সকল পুলিশ সুপারের কার্যালয়ে জানিয়ে দেয়া হয়। বুধবার সকাল থেকে এই বিশেষ অভিযানে নামে পুলিশ ও র্যাব।