নাসিরনগরে শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
নাসিরনগরে বেমালিয়া নদীতে শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় ফারজানা আক্তার (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল হক জানান, মহিষবেড় গ্রাম থেকে শতাধিক শিক্ষার্থী একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আসার পথে বেমালিয়া নদীতে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় সকলকে উদ্ধার করা গেলেও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়। ফারজানা মহিষবেড় গ্রামের সৌদি প্রবাসী সায়েদ মিয়ার মেয়ে। সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।