বিএনপি রাজাকারদের পক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে

যুদ্ধাপরাধীদের ভোটাধিকার বাতিল নিয়ে বিএনপির অবস্থান নেয়ায় সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় লিখেছেন, বিএনপি আবারও রাজাকারদের পক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। এটা তাদের দেশপ্রেমহীন এবং বাংলাদেশ বিরোধী অবস্থান। রাজাকারদের সমর্থনকারী বিএনপিকে জানাই ধিক্কার এবং সব রাজাকারদের ‘না’ বলতে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগ দিন। মন্ত্রিসভায় সম্প্রতি যুদ্ধাপরাধীদের ভোটাধিকার বাতিল নিয়ে গতকাল বুধবার বিকালে ফেসবুকে তার ফ্যান পেজে তিনি এ স্ট্যাটাস দেন। ফেসবুকে তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন এই লিখে, ছোট্ট একটা সংবাদ আমাকে বিব্রত করেছে। খবরটি হলো:রাজাকারদের ভোটাধিকার বাতিলে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত তার বিরোধিতা করেছে বিএনপি। এটা অবিশ্বাস্য ঘটনা! যারা বাংলাদেশের অস্তিত্বে বিরোধিতা করেছিল তারা কি করে ভোট দেয়ার অনুমতি পায়? আমাদের বিরোধী দল তাদের ভোটাধিকার চাইছে, এটা লজ্জাজনক। উল্লেখ্য, সজিব ওয়াজেদ জয় বেশ কিছুদিন ধরে ফেসবুকে সরব রয়েছেন। চলমান রাজনীতিসহ নানা বিষয়ে তিনি নিয়মিত স্ট্যাটাস দিয়ে থাকেন।