মিসরে এ মাসেই জরুরি অবস্থা প্রত্যাহার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
মিসরে শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনুসর। এছাড়া আগামী বছর নির্ধারিত সময়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
মঙ্গলবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১১ জনকে যাবজ্জীবনসহ অর্ধ শতাধিক সমর্থককে কারাদণ্ড দেয়ার পর এ ঘোষণা দিলেন আদলি মনসুর। মঙ্গলবার রাতে মিসরের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে এক সাক্ষাত্কারে তিনি বলেন, নির্বাচনসহ রাষ্ট্রীয় অন্যান্য কাজে নির্ধারিত সময়সূচি মেনে চলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, ২০১৪ সালের শুরুতে পার্লামেন্ট নির্বাচনের পরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা পরিস্থিতির বর্তমান উন্নতি অব্যাহত থাকলে আমার মনে হয় না আর জরুরি অবস্থা জারি করে রাখার প্রয়োজন হবে। গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরই জরুরি অবস্থা জারি করেছিলেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আস-সিসি।