পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কে-টাইপ ফেরি চলাচল শুরু

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গতকাল বুধবার দুপুর থেকে ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩টি কে-টাইপ ফেরি চলাচল শুরু করে। নতুন চ্যানেল দিয়ে ছোট আকারের ১০/১২টি গাড়ি নিয়ে গতকাল দুপুরে কে-টাইপ কুমারী ফেরি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর কে-টাইপ কপোতিও দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় ফিরে আসে। কেতকী নামের আরেকটি কে-টাইপ ফেরি নগরবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের (ব্যবস্থাপক) বিদ্যুত্ কুমার সাহা জানান, গতকাল থেকে পরীক্ষামূলকভাবে ৩টি কে-টাইপ ফেরি চলাচল করছে। ইতিমধ্যে ২টি কে-টাইপ ফেরি দৌলতদিয়া ঘাটে গিয়ে পুনরায় পাটুরিয়ায় ফিরে এসেছে। অপরটি নগরবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেটি এখনো ফেরেনি। তবে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ নৌ-চ্যানেলে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে নৌ-চ্যানেলের নাব্যতা ফিরে এলে ধারণ ক্ষমতার সমপরিমাণ যানবাহন নিয়ে রো রো ফেরিগুলো চলাচল করতে পারবে। নদীর তীব্র স্রোতে ডুবোচরে আটকে সাড়ে ১২ ঘন্টা বন্ধ থাকার পর গত মঙ্গলবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পরীক্ষামূলক চারটি কে-টাইপ ফেরি চলাচল করে। কিন্তু সেগুলোও দৌলতদিয়া ঘাটে যেতে না পারায় পুনরায় আবার পাটুরিয়া ঘাটে ফেরত আসে। ফলে আবার বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তখন থেকে রো রো ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।