সময়টা সাংবাদিকদের সাথেই কাটছিল। হঠাৎ অনেকগুলো মোবাইলে শব্দ হলো। একজন বললেন, দ্বিতীয় টেস্টের দল দিয়েছে। তামিম একটু আগ্রহ নিয়ে দলটা দেখলেন। কিন্তু তার আগ্রহে তখন আর নতুনত্ব কিছু নেই। কারণ আগে থেকেই জানা হয়ে গেছে, দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না তামিম ইকবাল।
হ্যাঁ, তামিমকে বাদ দিয়েই গতকাল ঘোষিত হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল। এশিয়া কাপে পাওয়া আঙুলের চোট থেকে ভালো মতোই সেরে উঠছিলেন। কিন্তু নেটে ব্যাটিং শুরু করার পর আবার সাইড স্ট্রেইনে পড়েন এই বাঁহাতি ওপেনার। তার ফলেই মাঠে ফিরতে দেরি হচ্ছে।
গতকাল তামিমের ফেরা নিয়ে কথা বলতে গিয়ে তার চাচা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছিলেন, ‘আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। ফিজিও, চিকিত্সক ওনারা আছেন। তারাও চেষ্টা করছেন। পাশাপাশি তামিম নিজেও অনেক চেষ্টা করছে। এরপরেও কিছু বিষয় আছে ভাগ্যের ওপর। তবে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো। আর ও তো অটোম্যাটিক চয়েজ। যখনই সুযোগ থাকবে তখনই ও চলে আসবে।’
তামিম না থাকায় বাংলাদেশ দলের ওপেনিংয়ে যে একটা বড় সমস্যা হচ্ছে, সেটা স্বীকার করলেন আকরাম। তিনি বলছিলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ যে ক্রিকেটার (তামিম) সে এখন ইনজুরিতে আছে। তবে যারা খেলছে এটি তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। ওরা হয়তোবা কিছু ম্যাচ রান করছে আর কিছু ম্যাচে রান পাচ্ছে না। তবে ধারাবাহিকভাবে রান করতে পারলে তা দলের জন্যও ভালো, খেলোয়াড়ের জন্যও ভালো।’
গত রবিবার সন্ধ্যায় একটি স্ক্যান করানো হয় তামিমের। সেটির রিপোর্টে দেখা যায় চোটের জায়গায় এখনও খানিকটা তরল জমা হয়ে আছে। ভেতরে ফুলেও আছে খানিকটা। একই জায়গায় আবার চোট পেলে ওয়ানডে সিরিজ তো বটেই, ছিটকে যেতে হতে পারে লম্বা সময়ের জন্য। সেই ঝুঁকি নেয়নি দল।
আপাতত দু-তিন দিন শুধু রানিংই করতে পারবেন তামিম। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু রবিবার সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে কয়েকদিন ব্যাটিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
এরপর থেকে দুই দিন ধরে ব্যাটিং করছেন না তামিম। সোমবার শরীরের ডান পাশে একটু ব্যথাও অনুভব করেছেন। তাকে নিয়ে তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না ফিজিও-ট্রেনাররা।
এ নিয়ে টানা চারটি টেস্ট বাইরে থাকতে হচ্ছে তামিমকে। টেস্ট ক্রিকেটের প্রতি আবেগটা তীব্র বলেই তামিমের হতাশা বেশি। সেই আক্ষেপ নিয়েই অপেক্ষায় আছেন ফেরার। জানালেন, কয়েকদিন পর শুরু করবেন ব্যাটিং। পুরো ফিট হয়ে নামতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন বিসিবি একাদশের হয়ে।
ইত্তেফাক/আরকেজি