লেনদেন কম হওয়ায় ডিএসই থেকে রাজস্ব আদায় কমেছে
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৮
লেনদেন কমে যাওয়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে। এক মাসের ব্যবধানে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে ৪ কোটি ৭ লাখ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাস আগেও বাজারে লেনদেন ছিল খুব কম। ফলে তখন রাজস্ব আদায় হতো কম। তবে গত জুন ও জুলাই মাসে লেনদেন ভালো হওয়ায় রাজস্ব আদায় বাড়তে শুরু করে। তবে আগস্ট মাসে ফের লেনদেন কমতে শুরু করে। ফলে রাজস্ব আদায়ও কমতে শুরু করেছে।
চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) সরকারের রাজস্ব আয় ছিল ২৬ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে আগস্ট মাসে ছিল ১১ কোটি ২৩ লাখ টাকা। আর জুলাইয়ে এর পরিমাণ ১৫ কোটি ৩০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে লেনদেন ভালো হলে রাজস্ব আয়ও ভালো হবে। বাজারে লেনদেন বাড়াতে হলে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে হবে। তাহলে বাজারে লেনদেন বাড়ার পাশাপাশি স্থিতিশীলতাও নিশ্চিত হবে। একই সঙ্গে বাড়বে সরকারের রাজস্ব আদায়। এদিকে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে লেনদেন কম হওয়ার কারণেই রাজস্ব আদায় কমে গেছে।
জানা গেছে, ডিএসইর জমা দেয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এরমধ্যে ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় থেকে।
এসব খাত থেকে গত জুনে ১৩ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আয় করে সরকার। মে মাসে ৯ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা রাজস্ব আদায় হয়। এছাড়া এপ্রিল মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পায় ৩ কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৪৫৬ টাকা।