জিয়ানগরে ইন্দুরকানী ও পাড়েরহাট বন্দর বাজারের বেহাল দশা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট বাজারে সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের অভাব, গণশৌচাগার, ময়লা-আবর্জনা, স্বাস্থ্যসম্মত কসাইখানার অভাব, পানীয় জলের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা। পাড়েরহাট মত্স্য বন্দর ও বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফকল, মত্স্য আড়ত, ডকইয়ার্ড, ফ্লোট ফ্যাক্টরি, ওয়ার্কসপ, লবণ মিল, মুদি মনোহরীসহ বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দক্ষিণাঞ্চলের অনেক জেলা ও উপজেলার অধিকাংশ গ্রামের বেশির ভাগ মানুষের প্রধান বাণিজ্যকেন্দ্র পাড়েরহাট বাজার। বাজারে কয়েকটি ড্রেন থাকলেও তা পরিষ্কারের অভাবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারে ক্রেতা-বিক্রেতা কাদা পানিতে মাখামাখি অবস্থা। এ ছাড়াও স্বাস্থ্যসম্মত গণশৌচাগারের অভাবে জনসাধারণ যত্রতত্র মলমূত্র ত্যাগ করে থাকেন। সবজি বিক্রেতা জামাল বলেন, আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। পাড়েরহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হারেজ মল্লিক লাভলু বলেন, সরকার প্রতি বছর প্রায় ৫ লাখ টাকা রাজস্ব আয় করছে এ বাজার থেকে। কিন্তু বাজার উন্নয়নে সরকার কার্যকরি কোন পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে জিয়ানগর উপজেলা সদরের ইন্দুরকানী বাজারটিরও একই দশা। ইন্দুরকানী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ওহাব জানান, বাজারের অধিকাংশ রাস্তাঘাট সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঐতিহ্যবাহী পাড়েরহাট ও ইন্দুরকানী বাজার দুটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।