নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি এবং প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ঘাট থেকে পন্টুন ধসে পড়ায় পাবনার সুজানগরের নাজিরগঞ্জ এবং রাজবাড়ী সদরের ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সাথে পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের আশ-পাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নাজিরগঞ্জ ইউ,পি চেয়ারম্যান মশিউর রহমান মিয়া এবং ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধি পেলেও তেমন ঢেউ ছিল না। কিন্তু গত বুধবার পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে পন্টুন ধসে পড়ে। এতে ওই নৌ-পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উক্ত নৌ-পথ হয়ে পাবনা-রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানগামী বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। ঘাটের দুই পাড়ে বেশ যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শীঘ্রই ঘাটে পন্টুন স্থাপনের ব্যবস্থা করে ফেরি সার্ভিস চালু করা হবে।