৯৫ বছর বয়সেও বয়স্কভাতা পাননি মিলিকজান
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
বয়সের ভারে নুঁয়ে পড়েছেন। কুঁজো হয়ে চলাফেরা করেন। স্বামী-সন্তান কেউ নেই। নেই কোনো সহায়-সম্পত্তি। এনমকি মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। অন্যের বাড়িতে আশ্রিত থেকে দু’মুঠো ভাত জোটাতে প্রতিবেশীদের কাছে হাত পাতেন। এরপরও তার ভাগ্যে আজো জোটেনি বয়স্ক ভাতার একটি কার্ড। অসহায় ওই বৃদ্ধার নাম মিলিকজান (৯৫)। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পশ্চিম মৌদাম গ্রামে।
মিলিকজান জানান, উপজেলা সদর ইউনিয়নের নারায়নডহর গ্রামের রজব আলীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় পনের বছর পর তার স্বামী মারা যান। দাম্পত্য জীবনে তিনটি সন্তানের জন্ম হলেও একে একে সব সন্তানই মারা যায়।
তিনি আরো জানান, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে বিধবা ভাতার কার্ডের জন্য ঘুরতে ঘুরতে এখন বৃদ্ধ হয়ে বয়স্ক ভাতার কার্ড চাওয়া শুরু করি কিন্তু আজো আমার ভাগ্যে জোটেনি সেই কার্ড। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু বলেন, এ বয়সেও মিলিকজান বয়স্ক ভাতার কার্ড না পাওয়ার বিষয়টি দুঃখজনক। সুযোগ আসলে অবশ্যই তাকে আমি একটি কার্ড করে দেব।