সিরাজগঞ্জে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ আহত ২৫
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ী হোসেনপুর এবং ধানবান্ধি মতি সাহেবের ঘাট মহল্লাবাসীর মধ্যে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে দফায়-দফায় সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোর থেকে প্রায় ৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ি ও ৫টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জুয়া খেলা নিয়ে উভয় মহল্লার বখাটে যুবকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধে উভয় পক্ষ থানায় ৬টি মামলা দায়ের করে। বিরোধ মীমাংসায় বুধবার রাতে পুঠিয়াবাড়ীতে বৈঠকে বসে। কিন্তু সিদ্ধান্ত দেবার আগেই বৈঠকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে উভয় মহল্লাবাসী দেশীয় ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।