বারহাট্টায় পাটের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক হতাশ
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
বারহাট্টায় পাটের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক হতাশ হয়ে পড়েছে। ফলে পাট নিয়ে অনেক কৃষকই বিপাকে পড়েছে। ক্রেতারা পাট কেনায় আগ্রহ দেখাচ্ছে না। এতে কৃষককে বাধ্য হয়ে কম দামে পাট বিক্রয় করতে হচ্ছে।
এবছর বারহাট্টায় পাটের উত্পাদন হয়েছে ভাল। উপজেলা কৃষি বিভাগ জানায়, বারহাট্টায় মোট ৯শ’ ৫০ হেক্টর জমিতে দেশি, কেনাফ, মেছতা ও তোষা পাটের আবাদ করা হয়েছে। মোট উত্পাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার ৫শ’ ৩৫ মণ। তবে আবহাওয়া অনুকূলে থাকায় উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট বিভাগের ধারণা। বর্তমানে বারহাট্টায় প্রতি মণ পাট ৮শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রয় হচ্ছে। যা কৃষকের উত্পাদন খরচও উঠছে না। গুমুরিয়া গ্রামের কৃষক সঞ্জব আলী জানান, তিনি পাট চাষ করে উত্পাদন খরচও তুলতে পারেননি। ভবিষ্যতে তিনি আর পাটের আবাদ করবেন না। এমন আক্ষেপ করেছেন অনেক কৃষকই।