ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালীতে শিশুসহ আটক ৩১

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৩১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিব অধিনায়ক তায়েফ উল হক জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের ইছামতি নদী সংলগ্ন চরেরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ৩১ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয় । আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, শরীয়তপুর, সুনামগঞ্জ, পাবনা, যশোর, ফরিদপুর, খুলনা এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ২১ জন পুরুষ, ৬জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।