সংবাদ সংক্ষেপ

বেতাগীতে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে ব্যবসায়ী মোঃ কামাল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিষখালী চত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। অধ্যাপক মো. শাহীন’র সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ূন কবীর হিরু, জেলা বিএনপি’র সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাবেক মেয়র মো. শাহজাহান কবীর প্রমুখ। শ্যামনগরে ভারতীয় কারেন্ট জাল আটক শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ নওয়াবেকী বাজার থেকে অর্ধ লক্ষাধিক টাকার ভারতীয় কারেন্ট জাল আটক করেছে পুলিশ। গত রবিবার শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াবেকী বাজারে রিয়াজুল ইসলাম (৩৫), হাশেম গাজী ও কামরুল সানার দোকানে অভিযান চালিয়ে কারেন্ট জাল আটক করে। ডিমলায় হতদরিদ্রদের মাঝে ৩ কোটি টাকা বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা\ ডিমলায় বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হতদরিদ্র নারীদের সাবলম্বী করার লক্ষ্যে নগদ ৩ কোটি টাকা বিতরণ করা হয়। রুরাল এনপ্লায়মেন্ট এ্যান্ড রোড মেইনটেনেন্সের (আএমপি) আওতায় ৩শ’ মহিলাকে ৭০ হাজার টাকা করে বিতরণ করা হয়। টাকা বিতরণ করেন নীলফামারী প্রকৌশল বিভাগের সিনিয়র প্রকৌশলী তোফায়েল আহম্মেদ, আবু সায়েদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, উপজেলা প্রকৌশলী শ্যামা পদ ঘোষ। নবীনগরে হাসপাতালের দাবিতে মানববন্ধন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ উপজেলার জিনদপুর ইউনিয়ন বাজারস্থ ‘জিনদপুর ইউনিয়ন হাসপাতাল’ এর নামে প্রায় ২৩৬ শতাংশ বরাদ্দকৃত সরকারি জায়গা ভূমি দস্যুদের হাত থেকে দখলমুক্ত করে মুক্তিযোদ্ধা আমেনা খাতুনের নামে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বুধবার এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে ‘ মানবজাতি ভাই ভাই— আমরা সবাই হাসপাতাল চাই ’ ভূমিদস্যুদের শাস্তি চাই এসব বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ফেষ্টুন হাতে হাজারো মানুষের র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিনদপুর বাজার সড়কে মানববন্ধন করে। উলিপুরে ব্র্যাকের আর্থিক অনুদান উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক উপজেলা অফিস হলরুমে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খামারবাড়ি, কুড়িগ্রামে উপ-পরিচালক প্রতিপ কুমার মন্ডল। শ্রীপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গত বুধবার গভীর রাতে শ্রীপুর থানা পুলিশ উপজেলার সারঙ্গদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। জানা যায়, ওইদিন রাত অনুমান সাড়ে ১১টার দিকে (ওসি) বিপ্লব কুমার নাথ, সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সারঙ্গদিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের ব্যাপারীপাড়া গোরস্থান নামক এলাকায় পৌঁছলে গাড়ির আলোতে ৪-৫ জনের একদল সংঘবদ্ধ লোক দেখতে পান এবং তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদেরকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় তাদের ব্যবহূত পাইপগানটি ফেলে রেখে যায়। হোসেনপুরে সারের তীব্র সংকট হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ উপজেলায় ভরা আমন মৌসুমে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। পৌরসভা ও ৬টি ইউনিয়ন এলাকায় ৭ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এক সপ্তাহে বিভিন্ন ইউনিয়নের সার ডিলাররা বরাদ্দের সার উত্তোলন না করায় এই সংকট দেখা দিয়েছে। সার ডিলার বাছির উদ্দিন জানান, ফ্যাক্টরিতে নানা সমস্যার কারণে আমরা সঠিক সময় সার আমদানি করতে পারছি না। আদিতমারীতে কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে গত বুধবার আদিতমারী ডিগ্রী কলেজের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মজিবর রহমান। হোমনায় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজ শহীদ মিনারকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের ছাত্ররা। গতকাল এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক মুহসিন সরকার, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ। কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একাংশ। গতকাল বৃহস্পতিবার সভায় মুক্তিযোদ্ধা মুজিবুল হক, হাজী লুত্ফর রহমান, আব্দুল মালেক সরদার বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামচুল হক প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অর্থের বিনিময় অনিয়ম করে ১৯২ জন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করে গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘাটাইলে মত্স্য চাষ বিষয়ক দিনব্যাপি কর্মশালা ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ মত্স্য চাষীদের মধ্যে নতুন প্রযুক্তি ও তথ্য বিনিময়ের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। ঘাটাইল উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান প্রমুখ। নগরকান্দায় বিএনপির মতবিনিময় সভা নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির আয়োজনে গত বুধবার বিকালে ফুলসুতি হাইস্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলসুতি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী গোলাম রসুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ লিয়াকত আলী খান বুলু। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক শওকত আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান নজরুল প্রমুখ। তালায় কৃষকের মাঝে ব্র্যাকের অনুদান তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তালা ব্র্যাক অফিসে কৃষকের মাঝে আমন ধান চাষে সার ও কীটনাশক বাবদ নগদ টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির তালা শাখা ব্যবস্থাপক চন্দ্র শেখর মণ্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম এবং ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহীদ হোসেন। স্বরূপকাঠিতে তরুণীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\বাংলাদেশ মহিলা পরিষদ, স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলে তরুণীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে মহিলা পরিষদ স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মালতী রানী বোসের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন প্রমুখ। নেত্রকোনার গ্রামে বিনামূল্যে দরিদ্রদের মাঝে ২শ’ রিং টয়লেট প্রদান নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিদ্রদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ২শ’পরিবারের মাঝে রিং টয়লেট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুব উল মজিদ এগুলো বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ইউপি মেম্বার এমদাদুল হক, ইউপি মেম্বার আব্দুল বারেক এবং জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল। খালিয়াজুরীতে ৬শ’ ৯৭ ভূমিহীন পরিবারতে খাস জমি বিতরণ খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ উপজেলার ৬শ’ ৯৭ টি ভূমিহীন পরিবারে মাঝে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ভিটে বাড়ি ও কৃষি খাস জমির দলিল হস্তান্তর করা হয়। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীর সংসদ সদস্য রেবেকা মমিন এসব খাস জমির দলিল ভূমিহীন পরিবারগুলোর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত ইউএনও মো. আব্দুল মান্নান প্রমুখ। পূর্বধলায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সমাবেশ নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে শুরু হয়েছে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভা সমাবেশ। উপজেলার বিশকাকুনি, ঘাঘড়া এবং জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটির সাংগঠনিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক সভাগুলোতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নাগরপুরে ইমাম ও মুয়াজ্জিনের আলোচনা সভা নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ জাতীয় ইমাম, মুয়াজ্জিন কল্যাণ সমিতি ও মউশিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনের ভূমিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আরেফীন। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আ,ফ,ম, হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। রায়গঞ্জে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিনকে সংবর্ধনা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মনোনীত হয়ে জেলা প্রশাসকের হাতে পুরস্কারপ্রাপ্ত রায়গঞ্জের ধানগড়া ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুস সাত্তারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্যগণ সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইলের দোকানে ডাকাতি মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের মোহাম্মদ আলী মার্কেটের মোবাইল মেলা দোকানের গ্রিল কেটে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। ডাকাত দল দোকানে হানা দিয়ে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার ও কয়েক শতাধিক মোবাইল সেটসহ ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দোকানের মালিক সাইদুর রহমান স্বপদ জানিয়েছেন।