দারুল ইহসান ভার্সিটি ও শিক্ষার্থীদের দুই রিট হাইকোর্টে খারিজ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
আইনজীবী হিসেবে তালিকাভুক্তকরণ (অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট) পরীক্ষার প্রবেশপত্র প্রদানের নির্দেশনা চেয়ে দায়েরকৃত নয়টি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজাউল হককে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ বৃহস্পবাির এই আদেশ দেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও ওই বিশ্ববিদ্যালয়ের সনদধারীরা এই রিট আবেদন দায়ের করেছিলেন।
আদালতে বার কাউন্সিলের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এডভোকেট মুরাদ রেজা এবং আবেদনকারীগণের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান, এডভোকেট জাফরুল্লাহ চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারীদের মধ্যে সাভার, আশুলিয়া ও ধানমন্ডি ক্যাম্পাস নিজেদের মূল ক্যাম্পাস দাবি করে পৃথক রিট করে। এর বাইরে আরো ৭টি ক্যাম্পাসের শিক্ষার্থীরাও একই দাবিতে রিট করেন। আদালত সবগুলো রিট খারিজ করে দিয়েছে।
প্রসঙ্গত অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা আজ ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নানা অভিযোগ থাকায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের প্রবেশপত্র দেয়নি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি। এরপর পহেলা সেপ্টেম্বর থেকে সনদধারীরা কাউন্সিল ভবনের সামনে অবস্থান এবং বুধবার ভবনের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয় তারা।