ওজিলের প্রস্থানে ক্রুদ্ধ রোনালদো
রিয়াল মাদ্রিদে কঠিন পরিস্থিতিতে বেল
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
এখনো বার্নাব্যুর সবুজ ঘাসে খেলা হয়নি গ্যারেথ বেলের, তার আগেই রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে অস্বস্তিকর পরিবেশের আঁচ পাচ্ছেন ওয়েলশ স্ট্রাইকারটি। মূলত তাকে জায়গা করে দিতে মেসুত ওজিলের মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেয়াকে কেন্দ্র করেই এক বিরুদ্ধ পরিবেশের মুখোমুখি বেল। বেশ কয়েকজন খেলোয়াড় ওজিলের চলে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে খবর বেরিয়েছে খোদ পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন।
ওজিলের জন্য মুখ খুলেছেন রিয়ালের অ্যালভারো আরবেলোয়া, ইসকো এমনকি বিপক্ষ বার্সেলোনার সেসক ফেব্রেগাস। জার্মানির কোচ জোয়াকিম লোও বিষয়টি ভালভাবে নেননি। সব মিলিয়ে পরিস্থিতি আর যাই হোক স্বপ্নিল সূচনার মতো নয়। কেননা এর মধ্যে স্প্যানিশ জায়ান্টদের কোচ কার্লো অ্যানচেলোত্তির সহকারী ইংরেজ পল ক্লেমেন্ত জানিয়ে দিয়েছেন বেলকে জায়গা করে নেয়ার জন্য লড়তে হবে।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদোও তাকে বার্নাব্যুতে চটজলদি ভাল করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বেলকে সতর্ক করে দিয়ে সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো বলেছেন, ক্লাবে তাকে চটজলদি একটা ভাল ভাবমূর্তি গড়ে তুলতে হবে। কেননা তেমনটি করতে না পারলে ওয়েলশের এই তারকার আর্থিক মূল্য ভার হয়ে দাঁড়াতে পারে।
রোনালদো রেডিও বার্সেলোনাকে বলেন, ‘এটা খুবই স্বাভাবিক যে যখনই সে খারাপ খেলবে, ভক্তরা স্মরণ করিয়ে দেবে যে ক্লাব তার জন্য ১০ কোটি ইউরো খরচ করেছে। বেলকে আমি শুধু এটুকুই বলতে চাই, সে যেন এই চড়া দামকে নিজের জন্য দুশ্চিন্তার বিষয়ে পরিণত না করে।’ বেল অনেক টানাপোড়েনের পর গত রবিবার ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে বিশ্বরেকর্ড গড়ে টটেনহাম থেকে মাদ্রিদে যোগ দেন। গত কয়েক মাস ২৪ বছর বয়সী বেল পায়ের ইনজুরিতে ভুগছেন। তাই ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে ১৪ সেপ্টেম্বর ভিলারিয়ালের বিপক্ষে বেলের মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বেলকে সতর্ক করে দিয়ে মাদ্রিদের ক্লাবটির সহকারী কোচ ক্লেমেন্ত বিবিসি স্পোর্টকে বলেন, ‘একালের ক্লাব কিংবদন্তী হতে হলে বেলকে কঠোর পরিশ্রম এবং নমনীয় হতে হবে। আমাদের দলে কে কোথায় খেলবে সেটা নিয়ে যথেষ্ট প্রতিযোগিতা আছে। কারোর জায়গাই নিশ্চিত নয়। কোচ কার্লো আনচেলোত্তি ভালভাবেই জানেন তাকে কিভাবে ব্যবহার করতে হবে। তবে পরিস্থিতি বদলেও যেতে পারে।’
সাউদাম্পটনে বেল লেফট ব্যাকে খেলতেন। টটেনহ্যামে এসেও সেটা অব্যাহত ছিল। তবে সেখানে তিনি আরো বেশি করে বাম দিক ঘেঁষে খেলতে থাকেন। অ্যানচেলোত্তির এই সহকারী আরো বলেন, ‘সামপ্রতিক সময়ে বেল মধ্যমাঠে খেলেছে। তার মধ্যে বৈচিত্র্য আছে। গ্যারেথ এবং দলের অন্যদেরকে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন পজিশনে খেলানোর ব্যাপারে কার্লো (কোচ) যথেষ্ট নমনীয়।’
বেলের গোল করার সামর্থ্য প্রমাণিত। গত মৌসুমে টটেনহামের হয়ে বেল ৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন। হোয়াইট হার্ট লেনের একমাত্র প্রাণভোমরা হলেও বেল রিয়াল মাদ্রিদে সহজে সেই জায়গাটা পাবেন না। কারণ সেখানে কোচ আনচেলোত্তির হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজামা এবং ইস্কোর মতো বিকল্প আছে। ক্লেমেন্ত জানান, বেল যদি পুরোপুরি ফিট না হন তাহলে তাড়াহুড়ো করে তাকে ভিলারিয়েলের বিপক্ষে মাঠে নামানো হবে না।
ইতিমধ্যে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে রিয়াল মাদ্রিদের ১৭ জন খেলোয়াড় নিজ নিজ জাতীয় দলের হয়ে দেশে খেলতে গেছেন। এর মধ্যে আছেন ওয়েলশবাসী বেলও। তিনি অবশ্য ইতিমধ্যে রোনালদোকে ‘বস’ বলে অভিহিত করলেও পর্তুগালে গিয়ে রোনালদো তার দলসঙ্গীদের কাছে ওজিলের ব্যাপারে নিজের ক্ষুব্ধতার কথা জানিয়েছেন। ক্রীড়া পত্রিকা ‘এএস’ জানায়, রোনালদো তার জাতীয় দলসঙ্গীদের বলেছেন, ওজিলকে বিক্রি করে দেয়াটা তার জন্য বাজে খবর। কারণ সে ছিল সম্মুখভাগে রোনালদোর গতি-প্রকৃতি ভালভাবে বুঝতে পারা এক খেলোয়াড়। এ ব্যাপারে রোনালদো বলেন, ‘ওজিলের প্রস্থানে আমি ক্রুদ্ধ।’