ফুটবল দল নিয়ে নতুন করে ভাবতে হবে :ক্রুইফ

বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখে কোচ লুডভিক ডি ক্রইফ দারুণ ক্ষুব্ধ। কিছু কিছু ফুটবলারের খেলা দেখে মাঠে তাদের যথেষ্ট অমনোযোগী বলে মনে হয়েছে তার। তাই পরবর্তী সময়ে দল গঠনের ক্ষেত্রে সবকিছু নতুন করে ভাববেন বলে জানিয়েছেন তিনি। নির্দিষ্ট করে কারো নাম প্রকাশ না করে ক্রুইফ বলেন, মাঠে কিছু ফুটবলারের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। সুতরাং, পরবর্তী সময়ে দল গঠনের সময় তারা জায়গা হারাতে পারেন। ধারণা করা হচ্ছে, জাহিদ-লিংকনের নামও আসতে পারে এ তালিকায়। বাংলাদেশের বাজে রক্ষণের সমালোচনা করে ক্রুইফ বলেন, ইতালির ম্যাচগুলো দেখে আমাদের উচিত রক্ষণ কৌশল সম্পর্কে ধারণা নেয়া। ম্যাচে গোল পেলেও পুরো ম্যাচে এমিলির পারফরম্যান্সও আশানুরূপ ছিল না বলে জানান তিনি। এর বিপরীতে কিছু খেলোয়াড়ের প্রশংসাও ঝরেছে এই ডাচের কণ্ঠে। মিশু, রায়হান, জামাল ভুঁইয়া, ওমর ফারুক বাবু ভালো খেলেছেন বলে জানিয়েছেন তিনি।