বন্ডের পণ্য খোলাবাজারে বিক্রি

চেক পয়েন্ট সিস্টেমস ও মেগা ইয়ার্ন ডায়িংয়ের বিরুদ্ধে মামলা

বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য অবৈধ অপসারণপূর্বক চোরাই পথে খোলাবাজারে বিক্রির অভিযোগে আদমজী ইপিজেডের চেক পয়েন্ট সিস্টেমস লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাসহ দাবিমানা জারি করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে উপকমিশনার  মোহাম্মদ নাজিউর রহমান মিয়ার  নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কাস্টমস কর্মকর্তাগণ প্রতিষ্ঠান প্রতিনিধিগণের উপস্থিতিতে বন্ডেড ওয়্যারহাউজে রক্ষিত কাঁচামালের মজুদ যাচাই করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির বন্ড রেজিস্ট্রার, আমদানি-রপ্তানি তথ্য আড়াআড়ি যাচাই করা হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামালের মধ্যে সিগনালিং এপারেটাস ২ লাখ ৯৩ হাজার ৬৭৭ কেজি, পেপার ও পেপার বোর্ড ৩ লাখ ৭৪ হাজার ৯৮ কেজি, থার্মাল ট্রান্সফার রিবন ১১ হাজার ৫৩৯ কেজি, স্ট্রিং ১ হাজার ৭২৫ কেজি, সেলফ এডহেসিভ পেপার ১৩ হাজার ১৫৭ কেজি, প্রিন্টিং ইনক ৪২ হাজার ৮৫ কেজি এবং রিবন ৫ হাজার ১৬৭ কেজি কম মজুদ পাওয়া যায়। উক্ত কাঁচামাল/পণ্য অবৈধভাবে অপসারণপূর্বক খোলাবাজারে বিক্রি করা হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করা হয়। এক্ষেত্রে জড়িত পণ্যের মোট শুল্কায়ন মূল্য ৯৮ কোটি ৯ লাখ ৭২ হাজার ৮১১ টাকা এবং ফাঁকিকৃত শুল্ক করাদির পরিমাণ ৪০ কোটি ২৭ লাখ ১৭ হাজার ৫৪২ টাকা। ফাঁকিকৃত শুল্ক করাদি আদায় ও দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ দপ্তর কর্তৃক অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে গত ৮ মে দাবিনামা সংবলিত কারণ দর্শানো নোটিস জারি করা হয়েছে।

এছাড়াও কাশিমপুর, গাজীপুরে অবস্থিত মেগা ইয়ার্ন ডায়িং লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক-করাদি ফাঁকির অভিযোগে অপর একটি মামলা দায়ের করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। সহকারী কমিশনার মনিরুজ্জামা চৌধুরীর নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল কাঁচামালের মজুদ যাচাইয়ান্তে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামালের মধ্যে ইয়ার্ন ৬ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৮৮৭ কেজি, ডাইস ১ হাজার ৪৮৬ কেজি, কেমিক্যাল ৩৮ হাজার ৬৭৪ কেজি এবং লবণ ৪৮ হাজার ৭৮২ কেজি মজুদ কম পাওয়া যায়। উক্ত কাঁচামাল/পণ্য অবৈধভাবে অপসারণপূর্বক খোলাবাজারে বিক্রির অভিযোগে মামলা করা হয়। এতে জড়িত পণ্যের মোট শুল্কায়ন মূল্য ১৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৩৪৯ টাকা এবং ফাঁকিকৃত শুল্ক করাদির পরিমাণ ৫ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৮৫০ টাকা।