রবিনহোর বাসায় চুরি

এসি মিলান ফরোয়ার্ড রবিনহোর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে রবিনহো সান সিরোতে ক্লাবের নিকটস্থ তার ফ্ল্যাটের বাইরে থাকাকালীন চোর হানা দেয়। ইতালির গাজ্জেত্তা দেল্লো স্পোর্টস পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়, তালা ভেঙ্গে চোরেরা রবিনহোর ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও একটি ঘড়িসহ প্রায় ৩০ হাজার ইউরো মূল্যমানের সামগ্রী নিয়ে যায়। এসময় এই ব্রাজিলিয়ান তার এক ব্যবসায়িক অংশীদার ও তার বাচ্চা এগিয়ে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন। পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, রবিনহো হয়তো ঘরের এলার্ম সক্রিয় না করেই বাইরে গিয়েছিলেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ধারণা করছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা রক্ষণাত্মক গ্লাভস ব্যবহার করায় তাদের কোন ফিঙ্গার প্রিন্ট উদ্ধার করা সম্ভব হয়নি।