বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরগাড়ি কোম্পানি মিত্সুবিশি মটরস বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এলক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। সফরকারি দলে রয়েছেন, মিত্সুবিশির ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভাগীয় মহাব্যবস্থাপক রিওজিরো কোবাশির নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা গত ১৪ মে থেকে আজ ১৭ মে বাংলাদেশ সফর করছেন। এ প্রতিনিধি দল গত ১৫ মে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এছাড়াও সীতাকুণ্ডে অবস্থিত মিত্সুবিশির পাজেরো স্পোর্টস গাড়ির কারখানা পরিদর্শন করেন।
এ বিষয়ে কোবাশি বলেন, মিত্সুবিশি মটরস বাংলাদেশের শিল্পায়নে সাহায্য করতে চায় এবং মোটরগাড়ি শিল্প স্থাপনে আগ্রহী। বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়ন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করতেই এবার বাংলাদেশ ভ্রমণ করছি। এবিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশের ফলে আগামী বছরসমূহে গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৃহত্ এই বাজারে প্রবেশ করার জন্য তিনি মিত্সুবিশির কর্মকর্তাবৃন্দকে আহ্বান জানান। মিত্সুবিশির এ প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।