স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প-পরিচিতি অনুষ্ঠান

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর কর্মক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউএনডিপি-ইআরএফ’র অর্থায়নে “জিও-এনজিও অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালীকরণ নামক একটি পাইলট প্রকল্পের কাজ সম্প্রতি শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংস্থা ও এনজিওদের মধ্যে ক্ষমতা এবং চাহিদার কৌশলগত মূল্যায়ণ, উন্নয়নশীল প্রযুক্তিগত ধারণক্ষমতা, এনজিও ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর মাঝে সেতুবন্ধন এবং সমন্বয়ের মাধ্যম অনুসরণ করাই হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি দেশের পাঁচটি দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলায় (সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, গাইবান্ধা ও জামালপুর) বাস্তবায়িত হবে। দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা কাজে নিবেদিত সংস্থা “বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার এই প্রকল্পটির বাস্তবায়নের লক্ষ্যে ৪ সেপ্টেম্বর ঢাকার মহাখালীতে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কনফারেন্স রুমে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রকল্প-পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক দিলদার আহমেদ, ইআরএফ-ইউএনডিপি’র প্রকল্প ব্যবস্থাপক, সিতা গিরি এবং বিডিপিসি’র পরিচালক, মোহাম্মদ সাইদুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি