সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি ও ভুরুঙ্গামারী সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:০১
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ এনামুল হক এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু, উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব, শিল্পপতি (সিআইপি) গোলাম মোস্তফা। প্রাথমিকভাবে এই স্থলবন্দর থেকে মাসে কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই বন্দর দিয়ে ১০টি পণ্য আমদানি ও সব ধরনের পণ্য রফতানি করা যাবে। ভারত থেকে অনুমোদিত আমদানি পণ্যগুলো হলো-পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পিঁয়াজ। প্রথম দফায় ভারত থেকে ৭৫ টন কয়লা আমদানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা জানান, দেশের ১৮ তম এই স্থল বন্দর ভারতের আসামসহ উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে কম খরচে পণ্য আমদানি-রফতানি করা যাবে।
আমদানিকারক প্রতিষ্ঠান এস.আই ইন্টারন্যাশনাল-এর প্রোপাইটর এজাজ আলম মোজাহিদ ও মেসার্স সেলিম ট্রেডার্স-এর প্রোপাইটর মোহাম্মদ সেলিম জানান, তারা দুজনে মিলে ২০ টন কয়লা আমদানি করছেন। বেনাপোল, সোনা মসজিদ ও বুড়িমারী স্থল বন্দরের চেয়ে সোনাহাট স্থল বন্দর দিয়ে কয়লা আমদানিতে খরচ কম। প্রতিটনে পরিবহন খরচ কম পড়ছে এক হাজার টাকা।