২০১৭ সাল পর্যন্ত গুজরাটের দায়িত্ব পালন করব
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
প্রধানমন্ত্রী হওয়া তার লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী নির্বাচনে বিজেপি থেকে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন এমন গুজব যখন ডালপালা মেলছে তখন মুখ খুললেন তিনি। মোদি বলেছেন, গুজরাটের মানুষ ২০১৭ সাল পর্যন্ত তাকে ক্ষমতায় থাকার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সেবা করাই তার অগ্রাধিকার। গতকাল বৃহস্পতিবার আহমেদাবাদে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোদি এই মন্তব্য করেন। খবর জি নিউজ ও এনডিটিভির।সূত্র জানায়, ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় একজন তাকে প্রশ্ন করে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এভাবেই ছাত্রদের মাঝে আসবেন কি না। মোদি জবাব দেন, ‘আমাকে ২০১৭ পর্যন্ত তোমাদের জন্য কাজ করে যেতে হবে, আমি সেটাই করছি। গুজরাটের মানুষের রায় অনুযায়ী তাদের মুখ্যমন্ত্রীর মেয়াদ পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। মোদি আরো বলেন, ‘আমার কোনো কিছু হওয়ার স্বপ্ন নেই, কিন্তু কিছু করার ইচ্ছে আছে।’
উল্লেখ্য, ভারতের আগামী লোকসভা নির্বাচনে মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ব্যাপারে তার দলের ভিতর থেকেই প্রবল আপত্তি উঠেছে। শুধু দলেই নয়, মোদিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করার ব্যাপারে এনডিএ শরিকদের একাংশেরও তীব্র আপত্তি আছে।