আন্দোলনের মুখে সরকার পালানোর পথ পাবে না :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। বিরোধী দলের আন্দোলনের মুখে সরকার পালাবার পথ পাবে না। গতকাল বৃহস্পতিবার উপজেলার মানিকপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে কবিরহাট উপজেলা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। সরকারের বোঝা উচিত তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। অসাংবিধানিক সংসদ বহাল রেখে একটি নির্বাচন করার ঘোষণা দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কারণে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। ১৮ দলীয় জোট আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে। সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। বক্তব্য রাখেন, ফোরকান-ই-আলম, কামরুল হুদা চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, আবদুল্লাহ আল-নোমান প্রমুখ।