বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

ডীন নির্বাচনে স্বাচিপ প্রার্থীরা নির্বাচিত

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডীন নির্বাচনে মেডিসিন অনুষদে অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে অধ্যাপক এম ইকবাল আর্সলান, ডেন্টাল অনুষদে অধ্যাপক মো. আলী আসগর মোড়ল নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ডীন নির্বাচন-২০১৩ সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় ডা. মিলন হলে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে ২টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক মো. সায়েদুর রহমান। নির্বাচনে মেডিসিন অনুষদে অধ্যাপক এবিএম আব্দুল্লাহ পেয়েছেন ৯৮ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক মো. আকরাম উল্লাহ শিকদার পেয়েছেন ১৩ ভোট। এদিকে ডীন নির্বাচনে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) মনোনীত প্রার্থীরা বিজয়ী হওয়ায় সংগঠনের পক্ষ থেকে বিএসএমএমইউর শাখার সভাপতি মো. শারফুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. এএসএম জাকারিয়া স্বপন তাদের অভিনন্দন জানিয়েছেন।