আজ ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৪তম মৃত্যুবার্ষিকী

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর আজ শুক্রবার ২৪তম মৃত্যুবার্ষিকী।১৯৮৯ সালের এই দিনে তিনি মারা যান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই দিনটিকে ‘ডায়াবেটিক সেবা দিবস’ হিসাবে পালন করে থাকে। এ উপলক্ষে সমিতি বারডেমসহ এর অঙ্গ প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিবসটি উপলক্ষে এবার তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আছর বারডেম বহির্বিভাগে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আজ সকাল সাড়ে ৮টায় মরহুমের বনানীস্থ কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বারডেম মিলনায়তনে ডা. মো. ইব্রাহিম স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। বারডেমের বহির্বিভাগে আসা গরীব ডায়াবেটিক রোগীদের মধ্যে বিতরণ করা হবে বিশেষ খাবার। দিবসটি উপলক্ষে সমিতির বিশেষ প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এছাড়া কাল শনিবার সকাল ১১টায় বারডেম মিলনায়তনে অনুষ্ঠিত হবে নির্ধারিত বারডেম রোগী ও বিশেষজ্ঞ চিকিত্সকদের মধ্যে মতবিনিময় সভা ও প্রশ্নোত্তর পর্ব। সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে শনিবার হূদরোগীদের জন্যে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এর আয়োজন করা হয়েছে।