বরগুনা-২ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ প্রার্থী

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই ৭ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শওকত হাসানুর রহমান রিমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. হুমায়ুন কবির হিরু এবং বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সোবাহান। এদিকে পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানিয়েছেন, বিএনপির নেতৃতাধীন ১৮ দলীয় জোট এই উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুর টুলু গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়।