হবিগঞ্জে বিদ্যুত্ সমস্যা প্রকট

রমজানের শুরু থেকেই বিদ্যুতের সমস্যায় জর্জরিত ও অতিষ্ঠ হবিগঞ্জ জেলার মানুষ। দিনে ২৫/৩০ বার বিদ্যুত্ আসা-যাওয়া করে। এমনকি সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় বিদ্যুত্ থাকে না। রাতের অধিকাংশ সময় কাটে বিদ্যুিবহীন অবস্থায়। বিদ্যুতের এই বেহাল দশায় রাতে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। সারা দিন রোজা রেখে ঘুমাতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের খুব সমস্যা হচ্ছে আর শিক্ষার্থীদের বিঘ্ন ঘটছে লেখাপড়ায়। এমনিতেই গ্রীষ্মকালের প্রচণ্ড গরম আর তার ওপর বিদ্যুতের এই অবস্থায় জেলাবাসীর দুর্ভোগ চরমে পোহাচ্ছে। বিদ্যুত্ অফিসে অভিযোগ জানাতে বারবার কল দিয়েও কাউকে পাওয়া যায় না। সরাসরি অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এই অবস্থার কবে অবসান হবে, সে বিষয়ে বিদ্যুত্ অফিস থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না। পরিশেষে, বিদ্যুতের এই সমস্যার দ্রুত নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

সৈয়দ আসাদুজ্জামান সুহান

পশ্চিম ভাদৈ, হবিগঞ্জ