করাচিতে সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতার ১৮৫

করাচিতে প্রথমদিনের সন্ত্রাস বিরোধী অভিযানে ১৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন অবৈধ অভিবাসী এবং ৪৩ জন পলাতক আসামি। করাচিকে সন্ত্রাসমুক্ত করার পরিকল্পিত অভিযানের অংশ এটি। করাচির গভর্নর, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের সাথে আলোচনার পর নওয়াজ শরীফ সরকার এই অভিযান শুরু করেছে। অভিযান পরিচালনা করছে পাকিস্তান রেঞ্জারস প্যারামিলিটারি নামক আধা-সামরিক বাহিনী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রেঞ্জারসকে অভিযান পরিচালনা এবং তদন্তের পুরো ক্ষমতা দেয়া হয়েছে। বাহিনীর প্রধান বলেছেন, তারা সন্ত্রাসীদের দমনে পুরোদমে কাজ শুরু করবে। গত কয়েক বছরে করাচিতে সংগঠিত অপরাধী ও জঙ্গিদের হানাহানিতে কয়েক হাজার মানুষ মারা গেছে। পাকিস্তানের অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শহরে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, খুন বেড়েই চলেছে। গত বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামের কাছে আততায়ীর গুলিতে নৌ-বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীসহ নিহত হয়েছেন।