ডাব্লিউভিএ মিলনায়তনে বনসাই প্রদর্শনী
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৩
ধানমন্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে শুক্রবার শুরু হয়েছে ১৫তম বার্ষিক বনসাই প্রদর্শনী। ‘বাংলাদেশ বনসাই সোসাইটি’ আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের (কাউন্সিলর ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন এন্ড ইকোনমিক অ্যাফেয়ার্স) মাসাইউকি তাগা।
বনসাই সোসাইটির পক্ষ থেকে জানা যায় যে, প্রদর্শনীতে দেশি-বিদেশি পাঁচ শতাধিক বনসাই স্থান পেয়েছে। এসব বনসাইয়ের দাম পড়বে ৫০০ টাকা থেকে ছয় লাখ টাকা পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি নাজমা শরীফ, সহ-সভাপতি রোজী কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. আনিসুল হক, সহ-সাধারণ সম্পাদক মোতাহারুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দা আমীনা হক, প্রকাশনা সম্পাদক আইরিন পারভীন প্রমুখ।