নকল ওষুধ কারখানা সিলগালা মালিককে জেল জরিমানা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৪
সাভারের জামসিংয়ে বিদেশি ভেষজ পণ্য সন্ধিসুধার একটি নকল কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে সাভার পৌর এলাকার জামসিংয়ের উত্তরপাড়ায় নকল এ সন্ধিসুধার কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য ও পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় কারখানার মালিক নজরুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়।
পরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উত্পাদিত বিপুল পরিমাণ নকল মালামাল জব্দসহ কারখানাটি সিলগালা করে। এ সময় এর মালিক নজরুল ইসলামকে ২ বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। একই সাথে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কারখানার ৩ কর্মচারীকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য জানান, প্রতারক এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় নকল সন্ধিসুধার কারখানার মাধ্যমে উত্পাদিত পণ্য সামগ্রী বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।