বিভিন্ন স্থান থেকে ১২ জনের লাশ উদ্ধার

ঝিনাইদহ, দিনাজপুর, সিরাজদিখান, খুলনা, বান্দরবানসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ১২ জনের লাশ উদ্ধার হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঝিনাইদহ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা গ্রামের মাঠ থেকে গত বৃহস্পতিবার মিতা (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে প্রদীপ কুমারের মেয়ে। মিতা সাইনবোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অপরদিকে কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে চাষিরা পুলিশকে খবর দেয়। তার বয়স আনুমানিক (৬০) বছর হবে। পরনে লুঙ্গি এবং পাশে একটি পাঞ্জাবি পড়েছিল। দিনাজপুর উপজেলার নশিপুর গ্রামে গত বৃহস্পতিবার রানী হেমরম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বিকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা হয়েছে। গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৯) এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও ৫নং পৌরসভার গুয়াবাড়ী এলাকার জসিম মিয়ার কন্যা। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে সিরাজদিখান উপজেলার চালতিপাড়ায় গত বৃহস্পতিবার সকালে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাজানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। এলাকাবাসী ডোবায় এক যুবকের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খুলনা খুলনার দৌলতপুরের মহেশ্বপাশা কালীবাড়ি থেকে গত বৃহস্পতিবার দুপুরে মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মহেশ্বপাশার কার্তিকপুল ক্রস রোডের মজিবর ঘরামির ছেলে। এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় শার্ট ঝুলানো ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বান্দরবান বান্দরবানে পুরবী আবাসিক হোটেল থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন ঘোষ রায় (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফ্ফরাবাদ এলাকার নারায়ণ ঘোষ রায়ের ছেলে। অপরদিকে লামা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক (৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের মরাঝিরি এলাকায় পাহাড়ের অরণ্য থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সে আজিজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ জানায়, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল শুক্রবার সকালে বেনিপুর সরকারি বাওড়ে রেণু পোনা উত্পাদনের একটি পুকুর থেকে দিনমজুর শহিদুল ইসলামের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ধান্যখোলা গ্রামের গোপলা মণ্ডলের ছেলে। শহিদুল বেনিপুর বাওড় সমিতির একজন সদস্য। দিনে সে দিনমজুরের কাজ করে। গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের যাদুরবাজার রামপুরা গ্রামে গতকাল শুক্রবার একটি কাঁঠাল গাছ থেকে মশিউর রহমান বাবু (২৫) নামে এক যুবকের ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মশিউর ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ঈশ্বরদী (পাবনা) পাবনার ঈশ্বরদীর রেলগেট বস্তিতে গলাকাটা আলো (১৪) ও ইমরান হোসেনের (১৭) ফাঁসিতে ঝুলন্তাবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলো সিরাজগঞ্জ জেলার কাজীপুরের আমেনা বেগমের মেয়ে। ইমরান বাজারে একটি মুরগির দোকানে কাজ করতো।