নেত্রকোনায় টর্নেডো নিহত ১, আহত ৪০
নেত্রকোনা প্রতিনিধি ও বারহাট্টা সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ওপর দিয়ে গত বৃহস্পতিবার বিকালে বয়ে যাওয়া আকস্মিক টর্নেডোতে ঘরের নিচে চাপা পড়ে রনি (১২) নামে এক কিশোর নিহত ও শিশু-মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘরবাড়ি।
জানা গেছে, বিকাল সোয়া চারটার দিকে সিংধা ইউনিয়নের সোনাউল্লারচর, নুল্লারচর, সিংধা-নয়াপাড়া, ভরতপুর, কান্দাবাড়ি, চানপুর ও আলোকদিয়া-নামাপাড়া গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে সাতটি গ্রামের প্রায় দেড় শতাধিক কাঁচা এবং টিনশেড ঘরবাড়ি এবং অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। সোনাউল্লারচর গ্রামটি লণ্ডভণ্ড হয়ে যায়।
ঝড়ে সাতটি গ্রামে অন্তত ৪০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এদের মধ্যে রেজিনা, রত্না, সামছু মিয়া, হূদয়, অন্তর, পুডুর মা, হানিফ, রোকসানা, হামিদা, সোনাবান, রতন, কনিকা, পলি ও মদিনাসহ আরও কয়েকজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, ইউএনও ফরিদ আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।