নারায়ণগঞ্জে পরিবহন অফিসে হামলার পর লুট

নারায়ণগঞ্জে একটি পরিবহনের অফিসে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির অনুগামী লোকজন হামলা চালিয়ে ২০ হাজার টাকা লুট করেছে। হামলায় ঐ পরিবহনের ১০ জন আহত হয়। পুলিশ ও র্যাব সদস্যরা লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কোম্পানির সাবেক চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বাহিনীর অনুগামী মুরাদ, সাইফুল, এরফান ও মহসিনের নেতৃত্বে ৩০-৪০ জন পরিবহনের অফিসে হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়। নসিব পরিবহনের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল ও ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা অফিসে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা হামলা করে ক্যাশ বাক্স থেকে ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। র্যাব-১১ এর ডিএডি আকবর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নসিব পরিবহনের অফিস সাময়িকভাবে বন্ধ রাখতে তালা মেরে দেয়া হয়। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, শ্রমিকদের নামে চাঁদাবাজি বন্ধে নসিব পরিবহনের মালিকেরা গতকাল শনিবার থেকে বাস চালক ও সহকারীর মজুরি যথাক্রমে ১০ টাকা ও ৫ টাকা বৃদ্ধি করেছেন। অন্যদিকে বন্ধন পরিবহনের মালিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ২ টাকা কমিয়ে দিয়েছেন।