রংপুর ডিসি অফিসের জিএম শাখা থেকে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র করে ৪শ অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক কম্পিউটার অপারেটরসহ ৩৯১ জনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। দুদুকে দায়ের হওয়া মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সংস্থাটি। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। দ্রুত এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম।
২০১৭ সালের ১৮ মে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে বেআইনিভাবে ৩৮৯ জনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া ও মাধ্যম হিসেবে কাজ করার অভিযোগে মোট ৩৯১ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন করেছে দুদক। গত ২৫ এপ্রিল এই মামলার চার্জশিটভুক্ত ৬০ আসামি রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিল স্বাক্ষর জাল করে অস্ত্রের লাইসেন্স প্রদানের মামলায় ৩৯১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক ঢাকা অফিস। আরেকবার আসামিদের নাম ঠিকানা যাচাই করে দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।