চট্টগ্রামে র্যাবের মহাপরিচালক পরিচয়ধারী প্রতারক যুবক আটক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রাম থেকে র্যাবের মহাপরিচালক পরিচয় ব্যবহারকারী এক প্রতারক যুবককে আটক করেছে র্যাব। মো. সাইফুদ্দিনের বিরুদ্ধে ‘তানভীর চৌধুরী’ ছদ্মনাম ব্যবহার করে কখনো র্যাবের সিনিয়র মহাপরিচালক আবার কখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সময় প্রতারিত করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে বৈলতলি বাজার থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে র্যাব-১১ সিনিয়র মহাপরিচালক এবং চট্টগ্রামের ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির লেকচারার নামে দুটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক ইত্তেফাককে জানান, আটক সাইফুদ্দিন সংঘবদ্ধ প্রতারক দলের সদস্য। সে বিভিন্ন সময় র্যাবের সিনিয়র মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক পদবি ব্যবহার করে লোকজনের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। এ ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। সাইফুদ্দিনকে চন্দনাইশ থানায় সোপর্দ করেছে র্যাব।